ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্তে ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল হেলিকপ্টারটি। শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া গেছে।

হেলিকপ্টারটিতে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রুদের পাঠানো হয়েছিল।