জকোভিচের ১০০তম শিরোপার অপেক্ষা বাড়ালেন সিনার

রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম আছে নোভাক জোকোভিচের দখলে। রজার ফেদেরার (২০ গ্র্যান্ড স্ল্যাম) আগেই অবসর নিয়েছেন, রাফায়েল নাদালও (২২ গ্র্যান্ড স্ল্যাম) অবসরের ঘোষণা দিয়েছেন। তাই জকোভিচ চাপমুক্ত হয়েই গ্র্যান্ড স্ল্যাম সংখ্যাটা আরও বাড়াতে পারবেন। এবার আরও একটি মাইলফলকের সামনে ছিলেন জকোভিচ। সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেই শততম শিরোপা জয়ের স্বাদ পেতেন তিনি।

তবে জকোভিচের অপেক্ষা বাড়িয়েছেন র‍্যাঙ্কিংয়ে বর্তমান এক নম্বর তারকা ইয়ানিক সিনার।

টেনিসে তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ১০০ শিরোপা জয়ের সামনে ছিলেন জকোভিচ। কিন্তু ফাইনালে সিনার ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে হারান জকোভিচকে। সিনার চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ জিতলেন ৭ টি শিরোপা। এই বছর ৭১ ম্যাচের মধ্যে ৬৫ তে জয় সিনারের।

এর আগে পুরুষ খেলোয়াড়দের মধ্যে যারা ১০০ বা তার বেশি শিরোপা জিতেছেন তারা হলেন রজার ফেদেরার (১০৩) ও জিমি কনরস (১০৯)। সংহাই মাস্টার্সের ফাইনালে গ্যালারীতে উপস্থিত ছিলেন রজার ফেদেরার, কার্লোস আলকারাজ।