বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত আওয়ামী লীগ ও তার দোসরদের বাংলাদেশের ক্ষমতায় চায়। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর এ কথা বলেন রিজভী।
রিজভী বলেন, অতিসম্প্রতি ভারতের কথায় এটাই প্রমাণিত হচ্ছে যে তারা আওয়ামী লীগ এবং তার সহযোগীদের ক্ষমতায় চায় যাতে তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে। বাংলাদেশ এবং এর জনগণের সমর্থন ও বন্ধুত্বের প্রয়োজন ভারতের নেই। ভারত অত্যাচারী ও গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে দিল্লিতে তাদের অতিথি করেছে।
আওয়ামী লীগের অনেক নেতা সহজেই বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছেছেন উল্লেখ করে তিনি বলেন, আ.লীগ নেতাদের ভারতের বাজারে কেনাকাটা করতে দেখা গেছে, কেউ ভারতে হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করছেন। এ থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, ভারতের নীতিনির্ধারকরা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না বরং তারা আওয়ামী লীগ ও এর নেতাদের পছন্দ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামসহ দলটি সমর্থিত পুলিশরা সহজেই ভারতের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যা থেকে মনে হয়, এই লোকদের পাসপোর্ট এবং ভারতীয় ভিসার প্রয়োজন নেই। কিন্তু, যখন বাংলাদেশের সাধারণ নাগরিকদের কথা আসে, তখন তাদের (বাংলাদেশিদের) ভিসা, পাসপোর্টের প্রয়োজন হয় এবং তাদের অনেক প্রক্রিয়া শেষ করতে হয়।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, শোনা যায় প্রতিবেশী দেশ ভেবেছিল বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হবে না। নানাভাবে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও নীতিনির্ধারকরা বাংলাদেশের জনগণের মধ্যকার সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়।