বেনাপোল দিয়ে ভারতে গেল ৫ লাখ কেজি ইলিশ

ইলিশ রপ্তানির শেষ দিনে গত শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। এ নিয়ে ১১ দিনে রপ্তানি হয়েছে মোট ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন (২৪ লাখ ২০ হাজার কেজি ) ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। সরকার ভারতে ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিলেও গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বেনাপোল বন্দর দিয়ে ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান রপ্তানি করে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার, যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

গত শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল ইসলাম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর

আগের। তবে দেশীয় বাজার দরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১টি ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বেনাপোল বন্দর দিয়ে এ পর্যন্ত ১১ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।