বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এক-এগারোর সময়ে আওয়ামী লীগের সব মামলা যদি উঠে যেতে পারে, তাহলে এখন কেন আমাদের মামলা উঠছে না। আপনারাই বলেছেন, আমাদের ওপরে মিথ্যা মামলা হয়েছে। প্রধান উপদেষ্টাকে মিথ্যা মামলা দিয়ে অপমানিত করা হয়েছিল, এতে জাতি ক্ষুব্ধ হয়েছে। তাহলে আমাদের ওপর এত অত্যাচার-নির্যাতন-মিথ্যা মামলা কেন আপনাদের বিবেচনায় আসছে না। আপনাদের (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) মিথ্যা মামলার ব্যাপারে যদি আমরা সমব্যথিত, সোচ্চার হতে পারি। তাহলে আপনারা দায়িত্ব গ্রহণের পরেও আমাদের মামলাগুলো আগের মতোই আছে, আগের মতোই আদালতে যেতে হচ্ছে। এ কারণেই আমি বলেছি, সরকার বদলে গেছে কিন্তু তুমি-আমি একই আছি, যা ছিলাম আগে।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রচার দলের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘দুর্যোগ প্রশমন বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।
বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর বলেন, ‘মান্না দের গান তুমি কি সেই আগের মতোই আছ, নাকি অনেকখানি বদলে গেছ...। গানের শুরুটা এ রকম যদি বলি সরকার বদলিয়ে গেছে, তুমি-আমি একই আছি, আগে যা ছিলাম। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয়নি।