নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে সোহান (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার রূপালী বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র। নিহত সোহান বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।
স্থানীয়রা জানান, রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়। রোববার রাতে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।