লেবাননে গেট ভেঙে শান্তিরক্ষীদের ঘাঁটিতে ঢুকে ইসরায়েলি সেনাদের হুমকি

দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে ট্যাংক নিয়ে প্রধান ফটক ধ্বংস করে জোরপূর্বক প্রবেশ করেছিল দখলদার ইসরায়েলের সেনারা। সেখানে ট্যাংক নিয়ে ইসরায়েলি সেনারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেছিল।

রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)।

বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানায়, রোববার ভোরের আগমূহুর্তে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক তাদের অবস্থান এলাকা রামিয়ার দুটি ফটক ভেঙে জোরপূর্বক প্রবেশ করে। ওই সময় ঘাঁটির লাইট বন্ধ করে দিতে শান্তিরক্ষীদের চাপ দেয় তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হয়ে যাওয়ার ২ ঘণ্টা পর শান্তিরক্ষীদের অবস্থান থেকে ১০০ মিটার দূরে বিস্ফোরক ফেলে ইসরায়েলি সেনারা। সেসব বিস্ফোরকের ধোঁয়ার কারণে অন্তত ১৫ শান্তিরক্ষী অসুস্থ হয়ে পড়েন। এটি মারাত্মক নিয়ম লঙ্ঘনের ঘটনা বলে জানায় ইউনিফিল।

দক্ষিণ লেবাননে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানের পর এমন ঘটনা ঘটল। এর আগে সম্প্রতি ইসরায়েলের গোলাবর্ষণে পাঁচজন শান্তিরক্ষী আহত হন।

এছাড়া গতকাল শনিবার শান্তিরক্ষীদের একটি লজিস্টিক দলকে মেইস আল জাবাল দিয়ে প্রবেশ করতে দেয়নি দখলদার ইসরায়েলের সেনারা।

এদিকে জাতিসংঘের কাছাকাছি অবস্থান থেকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের ওপর অন্তত ২৫টি রকেট উৎক্ষেপণ করেছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে এ দাবি জানিয়েছে দেশটি।

ভিডিওতে দাবি করা হয়, হিজবুল্লাহ গত মাসে শান্তিরক্ষীদের কাছাকাছি অবস্থান থেকে ইসরায়েলি সম্প্রদায় এবং সৈন্যদের উপর ২৫টি রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া দক্ষিণ লেবাননে ব্লু লাইনের কাছে অবস্থিত শান্তিরক্ষীদের অবস্থান থেকে কয়েক ডজন মিটার থেকে কয়েকশ মিটার পর্যন্ত ভূগর্ভস্থ টানেলে অস্ত্র সংরক্ষণ করা হয়েছে বলেও অভিযোগ জানায় ইসরায়েলি বাহিনী।

তবে এ বিষয়ে কোন প্রমাণ দিতে পারেনি ইসরায়েলি বাহিনী।

এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আরও ৪০টি দেশ।