লেবাননের দক্ষিণে মেতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের অবিলম্বে সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরা ও এএফপি।
সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুলিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পাঁচ সদস্য আহত হয়েছেন। এরপরই নেতানিয়াহুর তরফ থেকে এমন আহ্বান জানানো হলো।
ভিডিওতে নেতানিয়াহু বলেন, “মহাসচিব মহোদয়, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীদের (ইউনিফিল) বাহিনীকে এখনই ক্ষতির পথ থেকে সরিয়ে দিন। এটি এখনই, অবিলম্বে করা প্রয়োজন।’
গুতেরেসকে উদ্দেশে করে নেতানিয়াহু বলেন, ‘আপনি শান্তিরক্ষী সদস্যদের সরিয়ে নিচ্ছে না বলে তারা হিজবুল্লাহর হাতে জিম্মি হচ্ছে। এতে তাদের ও আমাদের সেনাদের জীবন বিপন্ন হচ্ছে।’
এর আগে মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সামরিক বাহিনী বেশ কয়েকবার শান্তিরক্ষীদের সরে যেতে বলেছে। কিন্তু তাঁরা কথা শোনেননি। এতে হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য মানবঢাল তৈরি হয়েছিল।’
এছাড়া পাঁচ শান্তিরক্ষী সদস্য আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত পাঁচ জাতিসংঘ শান্তিরক্ষী সদস্য আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীকে উদ্দেশ্যমূলকভাবে শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে ইউনিফিল।