ভারতের মুম্বাই বিমানবন্দরে আন্তর্জাতিক তিন ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর দেশটির বিমান সেবার কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। দুইটি এয়ার ইন্ডিগোর ফ্লাইট এবং একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) মোট তিনটি বিমানে বোমা হামলার হুমকির পেয়েছে। সংস্থাটি জানায়, একটি ইন্ডিগো ফ্লাইটকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্য দুটি বিমান নিরাপত্তা নিশ্চিত শেষ হলে শীঘ্রই ওড়ার অনুমতি পাবে।"
প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়া নামের একটি ফ্লাইট মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বোমা হামলার হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে আবার দিল্লি ফেরত আসে। সোমবার সকালে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।
এছাড়া মুম্বাই থেকে দুটি ইন্ডিগো ফ্লাইট, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাট ও সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় বোমা হামলার হুমকি পায়। পরবর্তীতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ হুমকির বিষয়টি তদন্ত করছে এবং এয়ার ইন্ডিয়া পরবর্তী পদক্ষেপ নিতে নিরাপত্তা কর্মীদের সাথে সমন্বয় করছে বলে জানানো হয়। এছাড়া বোমা স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অবিলম্বে বিমানগুলোকে পরিদর্শন করে বলে জানায় কর্তৃপক্ষ।
ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, দুটি বিমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে মুম্বাই বিমানবন্দরের বিচ্ছিন্ন রানওয়েতে স্থানান্তরিত করা হয়েছিল। তবে ওমানে মাস্কাটগামী বিমানটি পরীক্ষা নিরীক্ষা শেষে বিমানবন্দর ছেড়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিমানদুটির সমস্ত যাত্রীরা নিরাপদে রয়েছে। এছাড়া দিল্লিতে অবতরণকারী বিমানটির যাত্রীরা নেমে গেছে এবং দিল্লি বিমানবন্দর টার্মিনালে রয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ হুমকি দিয়েছে তা খুঁজে বের করা হবে।