কাজের লোক সেজে শিশু অপহরণ, সাইফান উদ্ধার শরীয়তপুর থেকে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে চুরি হওয়া ৮ মাস বয়সী শিশু সাইফানকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় তানজিলা আক্তার পারভীন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শিশু সাইফানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) তাপস কর্মকার।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা সাকিলা এনাম ও এনামুল হক মজুমদার দম্পতির সন্তান সাইফান। তাদের আরও দুটি সন্তান আছে। গত ১২ অক্টোবর তানজিলা শিশুটির মা সাকিলার কাছে এসে অসহায়ত্বের কথা বলে শুধু থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আকুতি জানান। তার অসহায়ত্বের কথা শুনে তাকে আশ্রয় দেন সাকিলা। পরদিন সকালে সাকিলার মেজো ছেলে আহনাফ (৬) আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করলে তানজিলা আহনাফ ও সাইফানকে নিয়ে আইসক্রিম কিনতে দোকানে যান। কিছুক্ষণ পর আহনাফ আইসক্রিম নিয়ে এক বাসায় ফিরলেও তানজিলা আর ফেরে না। পরে অনেক খোঁজ করে তানজিলাসহ তার ছোট ছেলেকে না পেয়ে থানায় মামলা করেন সাকিলা তার স্বামী।

র‍্যাব-১০-এর এ কর্মকর্তা বলেন, অপহরণের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল অপহৃত সাইফানকে দ্রুত উদ্ধারে মাঠে নামে। পরে সোমবার সকালে র‌্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় শরীয়তপুর জেলার পালং থানার চরলক্ষী নারায়ণ এলাকা থেকে তানজিলাকে সাইফানসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।