বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে বিভিন্ন সময়ে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বা ইজিবাইক বন্ধে সরকার ঘোষণা দিলেও এটি কার্যকর করতে পারেনি। বরং রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার পর দু’দিন ব্যাপী আন্দোলনের মুখে আবারো তা চালু রাখার নির্দেশ দেয় বিগত সরকার।
তবে ৫ আগস্টের পর চিত্র একদম পালটে যায়। ঢাকার বড় বড় সড়কে বানের স্রোতের মতো ঢুকে পড়ে ব্যাটারিচালিত রিকশা. ক্রমেই রাজধানীবাসীর কাছে বিরক্তিকর হয়ে ওঠে এই যান। শোনাও যেতে থাকা নানা দুর্ঘটনার খবর। তবে সাম্প্রতিক সময়ে এই ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে খুব কঠিনভাবে মাঠে নেমেছে ঢাকার ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এসব ব্যাটারিচালিত রিকশা আটক করা হচ্ছে।
আজ সোমবার চারদিন পর ঢাকা মহানগরীতে যানজট শুরু হয়। আর এই যটের মধ্যে ঢুকে পড়ে ব্যাটারিচালিত রিকশা। এসব নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিকের মিরপুর বিভাগকে। তাদের ফেসবুক পেইজে এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। ব্যাটারি চালিত রিকশা আটক করার বেশকিছু ছবি দিয়ে জানানো হয়েছে, অদ্য ট্রাফিক-মিরপুর ডিভিশনের আওতাধীন বিভিন্ন এলাকায় (সনি সিনেমা হল ক্রসিং, মিরপুর-১০ নম্বর, গাবতলী ক্রসিং, মিরপুর-১ নম্বর, মিরপুর-১২ নম্বর, মিরপুর-১৪ নম্বর) অবৈধ ব্যাটারি রিক্সা ও ইজিবাইক বিরোধী অভিযানে ডাম্পিংকৃত রিকশার একাংশ। (যুক্ত করা হয় ছবি)
এদিকে, পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগত কারণেই এসব রিকশা সড়কের জন্য ঝুঁকিপূর্ণ। ২০ বছর আগে যখন এসব বাহন চালু হয় তখন সরকার নির্দিষ্ট পলিসি, মান ও নিরাপত্তা নিশ্চিত করলে এ পরিস্থিতি হতো না।