সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারির জন্য ৩ দিন সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শেষ করার আগে এ দাবির কথা বলেন ৩৫ প্রত্যাশীদের ঢাকা মহানগর সমন্বয়ক আহমেদ তানজিদ।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে যে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, এতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংস্কার কমিটি ঘোষণা করেছিল। সেই কমিটির প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী (সাবেক সচিব) বলেছেন, ‘চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পুরুষের বয়স ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর বিবেচনা করে সুপারিশের করেছেন। তার এই সুপারিশের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই- তারা আমাদের যৌক্তিক দাবি আমলে নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি আমাদের দাবির জন্য সুপারিশ করেছেন।
ঢাকা মহানগর সমন্বয়ক আহমেদ তানজিদ বলেন, আমাদের এ দাবি দীর্ঘ ১২ বছরের। আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না। তিন কর্ম দিবসের মধ্যে প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন চাই চাকরিতে প্রবেশের বয়স সীমার।
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমরা তিন কার্য দিবসের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স সীমা প্রজ্ঞাপন আকারে দেখতে চাই। অন্যথায় আমরা ছাত্ররা পুনরায় আন্দোলনের নামব, রাজপথে নেমে আসব। প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিতে বাধ্য হব।