প্রশাসন সংস্কার করতে অগ্রাধিকারের বিষয়গুলো ঠিক করতে এক মাস সময় লাগবে। দুই মাস পর একটা কাঠামো বা রূপরেখা দাঁড়াবে। আর তিন মাসের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ দেওয়ার চেষ্টা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনের সংস্কারের বিষয়ে এ সংক্রান্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশন প্রধান।
আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘প্রশাসনের সংস্কারের বিষয়ে প্রথম বৈঠক ছিল। পরিচিতি পর্ব হয়েছে। সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এখন আমরা এটাকে আস্তে আস্তে প্রক্রিয়াজাত করব এবং তারপর সামনে এগিয়ে নিয়ে যাব। আগামী তিন মাসের মধ্যে করার কথা, কাজেই দুই মাস পরে গিয়ে তখন সত্যিকার অর্থে একটা রূপরেখা পাব। আমাদের মধ্যে আলোচনা করতে হবে, আমরা তো এটা আলোচনা করে করেই গিয়ে যাব।’
আপনাদের কাজের মধ্যে কোন কাজটির অগ্রাধিকার বেশি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার যেটা ঠিক করে দিয়েছে, সেটাই আমাদের অগ্রাধিকার। আমাদের অগ্রাধিকার কী হবে সেটাই নির্ধারণ করতে আমাদের এক মাস যাবে। আমি সেটা আজকে কীভাবে বলব?’
মুয়ীদ চৌধুরী আরও বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করব ও বিভিন্ন এলাকায় যাব। জনগণের কথা শুনবো। স্থানীয় যারা চাকরি করেন তাদের কথা শোনা হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে। এসব আলোচনা করেই আমরা প্রকৃত কাজটি শুরু করব।’
চাকরিতে তদবির আমাদের বাস্তবতা, অনেক ক্ষেত্রে ঘুষের কথাও আসে। এ বিষয়ে আপনারা কী সংস্কার আনতে চাচ্ছেন-জানতে চাইলে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘কী করতে পারব, সেটা এখন কীভাবে বলব? আমি কী ফুঁ দিলে এখন বাংলাদেশের সব মানুষ সৎ হয়ে যাবে? আমরা নিজেরাই তো আলাপ-আলোচনা করছি। সময় লাগবে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয় বলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল।
কমিটির সদস্য হিসেবে আছেন- সাবেক সচিব মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একেএ ফিরোজ আহমেদ এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি। কমিটিকে ৯০ দিনের (৩ মাস) মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে তা প্রধান উপদেষ্টার কাজে হস্তান্তর করার কথা রয়েছে।