“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০” “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৯২০-২০২০” ও “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১” স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ ও ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্ন্তজাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে।
মাত্র আড়াই মাসের ব্যবধানে স্মারক স্বর্ণ মুদ্রার দাম ফের বাড়াল বাংলাদেশ ব্যাংক। গত ২৯ আগস্ট ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল, যা তার আগে ছিল এক লাখ পাঁচ হাজার টাকা।