রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে স্টকহোমের হোটেলে তার অবস্থানের সময় ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগকে 'ভুয়া খবর!!!!' বলে অভিহিত করেছেন।
ফ্রান্সের আরএমসি স্পোর্ট সূত্রে জানা যায়, সুইডিশ গণমাধ্যমের বরাতে স্টকহোম পুলিশ হোটেলে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করেছে। এই হোটেলে গত সপ্তাহে এমবাপ্পে ও তার দল ছিলেন। এক তরুণী অভিযোগ দায়ের করেছে, বৃহস্পতিবার স্টকহোমের কেন্দ্রস্থলে একটি ঘটনা ঘটে। এর পরপরই 'ফ্রান্স যখন ইসরায়েলের সঙ্গে নেশন্স লিগের ম্যাচ খেলছিল, তখন এমবাপ্পে পার্টি করে বেড়াচ্ছেন'- এমন খবর ছড়িয়ে পড়ে।
এমবাপ্পে তার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগগুলোর সময় এবং আসন্ন শুনানির মধ্যে যোগসূত্রের ইঙ্গিত দিয়ে বলেন, “শুনানির ঠিক আগের দিন এসব অভিযোগ, যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার।”
মঙ্গলবার ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের (এলএফপি) আপিল ট্রাইব্যুনালে শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। শুনানিতে এমবাপ্পে পিএসজির কাছ থেকে ৫৫ মিলিয়ন ইউরোর দাবি করছেন, যা লয়্যালটি বোনাস ও তিন মাসের বেতন হিসেবে বকেয়া রয়েছে। পিএসজি এই দাবির বিরোধিতা করছে।
গত ১২ সেপ্টেম্বর ফ্রান্সের লিগ পিএসজিকে এই অর্থ প্রদান করতে আদেশ দিলেও, ক্লাবটি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিল ট্রাইব্যুনাল শুনানি শেষে রায় ঘোষণা করবে।
স্টকহোমের হোটেলে ঘটনার অভিযোগ নিয়ে এমবাপ্পের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, তিনি এটিকে তার বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার হিসেবে দেখছেন, যা তার সাবেক ক্লাব ও ফ্রেঞ্চ মিডিয়া দ্বারা পরিচালিত হয়েছে ঠিক শুনানির আগের দিন।