ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা স্থগিত

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংকট নিরসনে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান। গত জুনে তেহরান জানায়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তারা মাস্কটের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসেছে।

তবে সোমবার (১৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো ভিত্তি তারা বর্তমানে দেখছে না।

এর আগে মার্কিন নিউজ সাইট এক্সিওস জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ‘কীভাবে আঞ্চলিক হামলা এড়ানো যায়’ তা নিয়ে ওমানে পরোক্ষ আলোচনা করেছেন।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক সফরের অংশ হিসেবে ওমান সফর করেন, যেখানে তিনি মিত্র ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর সঙ্গে বৈঠক করেন। মাস্কটে সাংবাদিকদের আরাগচি বলেন, ‘বর্তমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত আমরা এই আলোচনার কোনো ভিত্তি দেখছি না।’ তিনি বলেন, ‘অঞ্চলের সুনির্দিষ্ট অবস্থার কারণে’ আলোচনা স্থগিত করা হয়েছে।

ওমানে থাকাকালীন আরাগচি তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন আরাগচি লেবানন ও গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বাধাকে ‘একটি বিপর্যয়’ বলে অভিহিত করেন।

ওমানে পৌঁছানোর আগে আরাগচি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বাগদাদেও ছিলেন। গত সপ্তাহে তিনি কাতার ও সৌদি আরব সফর করেন, যেখানে মূলত লেবানন ও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংঘাত নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা হয়।