ওয়েবের নিশাত প্রিয়ম

ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজে নিশাত প্রিয়ম যেন অপরিহার্য হয়ে পড়ছেন। যদিও অপরিহার্য শব্দটি একটু বাড়াবাড়িই বটে, তবে এই অভিনেত্রীকে ওটিটির বাইরে দেখাই যাচ্ছে না। আর ওটিটির ভাইটাল; কন্টেন্টে হাজির। মহানগর, অদৃশ্য, মানি হানি’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ঠান্ডা, প্রায়শ্চিত্ত, দাগ-এর মতো ওয়েব ফিল্মে কাজ করেছেন।

সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল ওয়েব ফিল্ম সেকশন ৩০২-এ। রিয়াদ মাহমুদের পরিচালনায় ফিল্মটিতে নিশাত প্রিয়ম অভিনয় করেছেন একজন ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। নাম সামিরা চৌধুরী। যিনি এ দেশের উচ্চতর সমাজের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। যার ব্যবসায়ী স্বামী আকস্মিকভাবে মারা যায় এবং এ ঘটনার প্রধান সন্দেহভাজন হয় এক ফুড ডেলিভারি বয়। তবে এর নেপথ্যে কে রয়েছে, সেটা নিয়ে রয়েছে আরেক রহস্য।

নিশাত প্রিয়ম বলছেন, ‘এখানে আমি এক ব্যবসায়ীর স্ত্রী, যে খুন হয়। এ ছাড়া আমার চরিত্রটাই এখানে নানাভাবেই মুখ্য হয়ে উঠছে, যার চলাফেরা জীবনযাপনে আভিজাত্যের পাশাপাশি অহংবোধ ও এলিট শ্রেণির প্রতিনিধিত্ব দেখা যায়। একই সঙ্গে চরিত্রটিকে আমি বোল্ড হিসেবে উল্লেখ করতে পারি। কারণ আমার চলাফেরায় উগ্রতা রয়েছে, আমি কাউকে কেয়ার করি না, খুবই বিশৃঙ্খল জীবনযাপন করি। ফলে চরিত্রটি নানাদিক থেকে উল্লেখযোগ্য হয়ে ওঠে। এ ছাড়া এই ফিল্মে আরও দুটি নারী চরিত্র রয়েছে, তারাও আমার সঙ্গে সম্পৃক্ত।’

এই ফিল্ম নিয়ে বললেন, ‘এটি একটি চমৎকার থ্রিলার ফিল্ম। যারা থ্রিলার গল্প পছন্দ করেন, তাদের ভালো লাগবে। রহস্যেঘেরা এই ওয়েব ফিল্মটিতে নানা বাঁক রয়েছে।’

শুধুই কি ওটিটিতে কাজ করবেন নিশাত প্রিয়ম? এমন প্রশ্নের জবাবে জানালেন, আসলে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে ব্যাক টু ব্যাক করা হয়ে যাচ্ছে। এটা কাকতালীয়। আমার মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি ওয়েব ফিল্ম। তবে আমি যে শুধুই ওটিটিতে কাজ করব, এমনটা নয়। ভালো চিত্রনাট্য পেলে সব মাধ্যমেই কাজ করবো। চলচ্চিত্র আমার পছন্দের জায়গা। সেখানে কাজ করব চিত্রনাট্য ভালো পেলে। আর টিভি নাটকের প্রতি আমার ভীষণ ভালো লাগা আছে। নাটকের ভালো ভালো চিত্রনাট্য পেলে কাজ তো করবই।

বাংলাদেশে পঞ্চায়েতের মতো ওয়েব সিরিজ নির্মাণ হয় না কেন, এ বিষয়ে নিশাত প্রিয়মের ভাষ্য হলো, আমাদের দেশে মহানগর, তাকদির, কারাগারের মতো ওয়েব সিরিজ নির্মাণ হয়। ফলে আমাদের দেশ বলিউড ইন্ডাস্ট্রির মতো অত বড় বিনিয়োগের নয়, তারপরও অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এই অভিনেত্রী বলেন, যদি প্রশ্ন হয়, পঞ্চায়েতের গল্পের মতো কাজ কেন হয় না, তাহলে বলব, এটা আমার জানা নেই। তবে আমি যে দুটি নতুন ওয়েব ফিল্মে কাজ করেছি, সেটি সামাজিক গল্পের। আমার মনে হয় দর্শকদের সেটা ভালো লাগবে।’ যদিও শুরুতেই বলা হয়েছিল ওটিটির অপরিহার্য নিশাত প্রিয়ম, সেটা নিয়েও প্রশ্ন ছিল, এর উত্তরে অভিনেত্রী এমন বিশেষণ নিতে রাজি নন। কারণ তিনি সব মাধ্যমে কাজ করতে চান, এমনকি করেছেনও। বললেন, মাছরাঙায় যাচ্ছে ধারাবাহিক ‘সিটি লাইফ’। এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি।