মাস ছয়েক আগেই ঢাকা মাতিয়ে গিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বছর না ঘুরতেই আবারও তিনি আসছেন মঞ্চ মাতাতে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণাটি দেয় আয়োজক প্রতিষ্ঠান। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ। তাই মন্তব্যের ঘরে আতিফকে নিয়ে নানা কথা বলছেন ভক্তরা।
এ বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করলে কনসার্টে আতিফ আসলামের গাওয়ার বিষয়টি স্বীকার করলেও বাকি শিল্পীদের নাম জানাননি তারা। জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও এক শিল্পী। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী অংশ নেবেন বলে জানা গেছে। ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। তবে কবে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, তা জানাননি আয়োজকরা।
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন তিনি।