আমান বললেন

এই সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্ব হবে

এই সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ‘আমরা আশা করব এ সরকার যে কমিশন করেছেন তার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। যেখানে দেশের ১৮ কোটি মানুষ রায় দেবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এতে ছাত্র-জনতা এবং দেশের মানুষের দাবি পূরণ হবে।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে’৯০ এর ছাত্র গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় আমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি এবং করব, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব হতে হবে।’

আমান বলেন, ‘অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এতদিন সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হওয়ার কারণ একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। আজকে এই বিচার বিলম্ব হওয়ার কথা নয়।

সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ কায়ছারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই মইনুদ্দিন খালেদ, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম প্রমুখ।

রবির পদ স্থগিত : এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় রবির নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল বিএনপি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে জানানো হয় চিঠিতে।