আ.লীগ যা করেছে বিএনপি তা করবে না : যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের মানুষ। তবে দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই। বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না।

গতকাল সোমবার খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ সেøাগানকে সামনে রেখে গতকাল বেলা ১২টায় খুলনা মহানগর এবং বিকেল ৩টায় জেলা শাখার পৃথক যৌথসভা খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের রাজনীতির ধরন বদলে জনগণমুখী রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণ-অভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। আমাদের একটি ভুলের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ইমেজ সংকটের সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাাদক মো. বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির প্রমুখ।