দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত রবিবার রাত ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
আল ইমরান রকি (২৬) নামে ওই যুবক রংপুর জেলার কোতোয়ালি থানার ধাববগিওয়ালাপারা গ্রামের গাজী বকুলের ছেলে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৯ ও ১০ নম্বর সাব-পিলারের মাঝের এলাকা দিয়ে ভারতের দিকে দৌড় দেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি সীমান্তের তারকাঁটা টপকে ভারত সীমান্তে ঢুকে পড়েন। তবে বিএসএফ সদস্যরা ভারত অভ্যন্তর থেকে তাকে আটক করেন। পরে সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুভাষ মাহাতো। দুই বাহিনীর মধ্যে বৈঠক শেষে ওই যুবককে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, ওই যুবকের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।