চাঁদাবাজি, ব্ল্যাকমেলিংসহ নানা রকম হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন থানায় মামলা দায়েরকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট অঙ্কের চাঁদা না পেয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ লোকজনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেলিংসহ নানা রকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।
এতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
সম্প্রতি ঢাকায় ৩ কোটি টাকা চাঁদা না পেয়ে কয়েকজন ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ইতিমধ্যে বিষয়টি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাছাড়া আরও কিছু স্থানে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অভিযোগ পেয়েছে বলে জানা গেছে।