কিংবদন্তিদের বিদায়ের রাতে শেষ আটে জার্মানি

আনুষ্ঠানিকভাবে

ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান ফুটবলের চার কিংবদন্তি ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস। জার্মানি-নেদারল্যান্ডসের মধ্যকার নেশন্স লিগের ম্যাচে এই চারজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। ম্যাচটি ১-০ গোলে জিতে শেষ আটে উঠেছে জার্মানি। 

আলিয়াঞ্জ অ্যারেনায় এই চার ফুটবলারের জন্য বিশেষ আয়োজন ছিল। খেলা শুরুর আগে গ্যালারিজুড়ে ভেসে ওঠে চার বিদায়ী জার্মান কিংবদন্তির মুখ। আর ওপরে জার্মান ভাষায় লেখা ‘লেজেন্ড’। জাতীয় সঙ্গীতের আগেই গুন্দোয়ান, নয়্যার ও মুলার মাঠে নেমে দর্শকদের থেকে বিদায় নেন। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। এরপর শুরু হয় খেলা।

ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করেও গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বক্সের ভেতর থেকে বুলেটগতির শটে জার্মানিকে গোল এনে দেন অভিষিক্ত ফরোয়ার্ড জেমি লেওয়েলিং। ২৩ বছর বয়সী এই তরুণের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এতে জার্মানির শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে গেল। 

লিগ ‘এ’র গ্রুপ ১–এ চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ১০। সমান ম্যাচে দুই ও তিন নম্বরে থাকা নেদারল্যান্ডস ও হাঙ্গেরির পয়েন্টও ৫। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে ডাচরা। পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও হাঙ্গেরির জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটি ম্যাচে অবশ্য মুখোমুখি এই দুই দল।