আন্দোলনে আহত খোকনের চিকিৎসার কাগজপত্র চেয়েছেন রুশ রাষ্ট্রদূত

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের উন্নত চিকিৎসায় রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রদূত এই আশ্বাস দেন। সকাল ১১টার দিকে মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত মান্টিটস্কি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন। 

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা আশা করেন। রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আহত ব্যক্তির চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি রাশিয়াতে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানান।