বাবরের জায়গায় খেলতে নেমেই সেঞ্চুরি কামরান গুলামের 

ইনিংসের পর ইনিংস ব্যর্থতার জেরে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। তার জায়গায় টেস্ট অভিষেক হয় কামরান গুলামের। আর শুরুটাই করলেন তিনি সেঞ্চুরি দিয়ে। 

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস জয়ী পাকিস্তানের প্রথম ইনিংসে চার নম্বরে খেলতে নামেন ২৯ বছর বয়সী কামরান, যে জায়গায়টা এতোদিন সাধারণত বাবর আজমই খেলতেন। ১৯/২ স্কোর থেকে ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে ১৪৯ রানের পার্টনারশিপ গড়েন ডান হাতি কামরান। ৭৭ রানে সাইম এবং এরপর সৌদ শাকিল মাত্র ৪ রানে বিদায় নিলেও, সেঞ্চুরির দিকে এগিয়ে যান কামরান। চা বিরতির পর জো রুটকে বাউন্ডারি মেরে ১৯২ বলে তিন অংকে পৌছান তিনি। 

কামরান গুলাম শেষপর্যন্ত ১১৮ রান করে শোয়েব বশিরের বলে আউট হয়ে যান। মোহাম্মদ রিজওয়ান (৩৭*) ও সালমান আগা (৪*) বাকি ৬ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দিলে প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর দাড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। 

টেস্ট অভিষেকে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করা ১৩তম ব্যাটসম্যান কামরান গুলাম।

এর আগে খালিদ ইবাদুল্লাহ (১৯৬৪), জাভেদ মিয়াঁদাদ (১৯৭৬), সেলিম মালিক (১৯৮২), মোহাম্মদ ওয়াসিম (১৯৯৬), আলি নাকভি (১৯৯৭), আজহার মেহমুদ (১৯৯৭), ইউনিস খান (২০০০), তওফিক উমর (২০০১), ইয়াসির হামিদ (২০০৩), ফাওয়াদ আলম (২০০৯), উমর আকমল (২০০৯), আবিদ আলি (২০১৯) অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন।