বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদ বিকেলে এক সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। হাথুরুসিংহে সাময়িক বরখাস্ত হওয়ার পর বিসিবির কাছ থেকে একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যার জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তবে বিসিবির এই আকস্মিক সিদ্ধান্তে কিছুটা হতবাক হয়েছেন হাথুরুসিংহে। দুটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমি জানি না কী ঘটেছে। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আগামীকাল এর জবাব দেব।'
বিসিবি ইতিমধ্যেই নতুন কোচ ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, যিনি আগামীকালই ঢাকায় আসছেন। এ নিয়ে হাথুরুসিংহে বলেন, 'আপনিও জানেন এটা ঠিক হয়নি। তবে তারা (বিসিবি) তাই করেছে। এ নিয়ে আমার কোনো কথা নেই। আমি চুক্তি অনুযায়ী যাব। আগামীকাল আমি তাদের চিঠির জবাব দেব। তারপর আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব।’
বিসিবি সভাপতির অভিযোগ অনুসারে, হাথুরুসিংহে চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটিয়েছেন এবং জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণ করেছেন। যদিও এই অভিযোগের ব্যাপারে হাথুরুসিংহে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, 'সবই অভিযোগমাত্র। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব এবং তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'
আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর বাংলাদেশ থেকে যাবেন- এমন এক প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'দেখা যাক। তার আগে আমাকে একটা উত্তর দিতে হবে (বিসিবিকে)। কারণ, তারা আমাকে শোকজের নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব কেমন হবে, সেটা এ মুহূর্তে বলতে পারছি না। আমি তাদের জানাব, তারা আপনাদের জানাবে।'