পটুয়াখালীর কুয়াকাটায় ঢাকা জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান (জিএস মিজান) আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় মহিপুর থানায় তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
গ্রেপ্তার মিজান ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক এবং সাভার পৌরসভার তালবাগ গ্রামের মৃত. আ. রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সর্বশেষ তিনি তার বন্ধু সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নিউটনের সাথে ছিলেন। পরে তার বন্ধু কুয়াকাটা ত্যাগ করলে তিনি থানায় আত্মসমর্পণ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজেকে নিরাপদ মনে না করে থানায় এসে আত্মসমর্পণ করেন মো. মিজান নামের এক ব্যক্তি।
পরে আমরা জানতে পারি তিনি সাভার থানায় থাকা প্রায় সাতটি মামলার আসামি। সেই মামলাই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভার থানার সাথে যোগাযোগ করে তাকে সেখানে হস্তান্তর করা হবে।