আন্দোলনে হত্যাকারী ও নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানীর পল্লবীতে পল্লবী থানা যুবদল ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, নিহত ছাত্র-জনতার রক্তের দাগ শুকানোর আগেই-যারা এই হত্যার সঙ্গে জড়িত-হত্যাকারী এবং নির্দেশদাতাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। এদেশের সাধারণ মানুষ আপনাদের (অন্তবর্তীকালীন সরকার) কাছে দ্রুত এ বিচার প্রত্যাশা করে। কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আদায়ের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, জনগণ ভোটাধিকার বঞ্চিত, মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না,দেশের গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য, মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংগ্রাম চলছে এবং চলবে।
এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, যুবদল পল্লবী থানার আহ্বায়ক হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুল মুকতাদির দিদার, জাসাস নেতা অ্যাডভোকেট লিটন, পল্লবী ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তপন, সিনিয়র সহসভাপতি এনামুল হক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাওছার আহমেদ মোল্লা, সদস্য সচিব শেখ সোহাগ প্রমুখ।