সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে ১৮ নভেম্বর ধার্য করা করেছে আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ১১২ বার পেছাল। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত নতুন এ তারিখ ঠিক করে। গতকাল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত এসপি খন্দকার মো. শফিকুল আলম আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার তৎকালীন জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি করেন। মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়।