কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার ৮ বাংলাদেশি যুবক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
আটকরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বেলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে নাজমুল হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল কালাম (৩৮), খলকু ইসলামের ছেলে আহমেদ হৃদয় (১৯), মনির মিয়ার ছেলে মহসীন মিয়া (২২), নেত্রকোনা হাটপাড়া কায়াতরা গ্রামের মো. শাহিন মিয়া (৪৫) ও তার ছেলে রোমান মিয়া (২০), একই গ্রামের রুহুল আমিনের ছেলে জুনাইদ (১৫) ও নেত্রকোনার পূর্বধলা থানার বাদিপটিগ্রামের লাল মিয়ার ছেলে রতন (২২)।
এ এম জাবের বিন জব্বার জানান, সোমবার রাতে ৬০ বিজিবির টহল দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৭১/৯-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারীর মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। সেখানে তারা কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটক সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।