গত ৪৮ ঘণ্টায় ভারতের অন্তত ১০টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে সবকটি ক্ষেত্রেই এই হুমকি ভুয়া বলে জানা গিয়েছে। তবে এই ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় অন্তত ১০টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট যেমন দিল্লি থেকে টেকঅফ করা শিকাগোগামী একটি ফ্লাইট ছিল। এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ২১১ জন যাত্রী ছিলেন। পরে সেই বিমানটিকে কানাডার দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানেই নিরাপদে সেটি অবতরণ করে।
জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় যতগুলো হুমকি এসেছে, তার মধ্যে ৭টি করা হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে। এর জেরে কোনো ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি। তবে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকশো যাত্রীকে। ফ্লাইট সংস্থাগুলোও বিপাকে পড়েছে।
রিপোর্টে জানা গেছে, জয়পুর থেকে অযোধ্যা হয়ে বেঙ্গালুরুর আইএক্স৭৬৫ নম্বর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট, দ্বারভাঙা থেকে মুম্বাইয়ের এসজি১১৬ স্পাইসজেট ফ্লাইট, বাগডোগরা থেকে বেঙ্গালুরুগামী কিউপি১৩৭৩ আকাসা এয়ারের ফ্লাইট, দিল্লি থেকে শিকাগোগামী এআই১২৭ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সৌদি আরবের দাম্মাম থেকে লখনৌগামী ৬ই৯৮ ইন্ডিগোর ফ্লাইট, অমৃতসর থেকে দেহরাদুনগামী ৯আই৬৫০ অ্যালায়েন্স এয়ার এবং মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী আইএক্স৬৮৪ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে গত ৪৮ ঘণ্টায়।
এই আবহে এই বিমানগুলো বিভিন্ন সময়ে গন্তব্যের উদ্দেশে না গিয়ে মাঝপথেই কোথাও একটা জরুরি অবতরণ করছে। এতে ফ্লাইট সংস্থাগুলোর লোকসান বাড়ছে। সেই সব বিমানে থাকা যাত্রীরা মানসিক যন্ত্রণা ভোগ করছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন।
এর আগে গত ১৩ অক্টোবরও মুম্বাই থেকে উড়ে যাওয়া দুটি বিমান এবং একটি ট্রেনে বোমা রয়েছে বলে বার্তা এসেছিল। সেদিন মুম্বাই থেকে উড়ে যাওয়া নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিলে সেটি দিল্লিতে জরুরি অবতরণ করেছিল। এছাড়াও সেদিন মুম্বাই-মাস্কট ইন্ডিগোর ফ্লাইট, মুম্বাই-হাওড়া মেইলেও একইরকম হুমকি দেওয়া হয়েছিল। হাওড়াগামী ট্রেনে বোমা থাকার বার্তা আসার পরই সেটিকে জলগাঁওয়ের কাছে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়েছিল। তবে কোনো বোমা মেলেনি।