ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

জামালপুরে মেলান্দহ উপজেলায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় কোরবান আলী (৪৫) নামে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।বুধবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে  উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কোরবান আলী দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন এবং তিনি ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত সাংবাদিক মেলান্দহ উপজেলার বীর হাতিজা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 'দুপুরের দিকে উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে ছেড়ে আসা মেলান্দহগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টর এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.সাইফুন নাহার বলেন, 'বুধবার দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।'

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, 'সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোক ও সমবেদনা প্রকাশ করছেন।