ঢাবিতে সাকিবের কুশপুতুল দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ক্রিকেটার সাকিব আল হাসানের কুশপুতুল দাহ করেছে ‘ক্রিকেটপ্রমী জনতা’। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা সাকিব আল হাসানের কুশপুতুল দাহ করে।

উদ্যোক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবে- এই ঘটনার প্রতিবাদ করতেই তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষার্থী ফারদিন হাসান বলেন, ‘খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি আলাদা হিসেবেই বিবেচনা করে তাহলে যেন এক হাতে হাতকড়া পরিয়ে আরেক হাতে ব্যাট হাতে তাকে খেলার সুযোগ দেয়া হয়। অন্যথায় নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম তানিম বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সাকিব অবশ্যই দেশে আসবে। তবে তাকে গ্রেপ্তার বরণ করে আদালতের মাধ্যমে নিজের নির্দোষ প্রমাণ করতে হবে। যখন আমাদের ভাইদের গুলি করে মারা হয়েছে তখন যে মুখে কুলুপ এঁটে বসে ছিল সেই গণহত্যাকারীর দোসরকে আমরা পুনর্বাসনের সুযোগ দিতে পারি না।’

এ সময় ‘ভোটচোরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘জুয়াড়ির দুই গালে জুতা মারো তালে তালে’, ‘শেখ হাসিনার সরকার জেলে ভরা দরকার’ সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।