৪ গোলে ব্রাজিলের পঞ্চম জয়

৩৮ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। তারপর যে গোলমুখের দরজা খুলল, থামল গিয়ে ৭৪ মিনিটে। পেরুর জালে গুনে গুনে এক হালি গোল দিয়ে ব্রাসিলিয়ায় জয়োৎসব করেছে স্বাগতিকরা। বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অনেকদিন বাদে বেশ বড় জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন রাফিনহা। বার্সেলোনা উইঙ্গার দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। রাফিনহার জোড়া গোলের পর ব্রাজিলের তৃতীয় ও চতুর্থ গোলটি করেছেন আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক। এবারের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়।

চমৎকার এই জয়ের পরও অবশ্য পুরোপুরি তৃপ্ত নন ব্রাজিল কোচ। তার মতে, এখনো অনেক কাজ বাকি। তবে পেরুকে হারানোর পর সংবাদ সম্মেলনে দেখা মিলল উচ্ছ্বসিত দরিভালের, ‘আমি খুশি। কারণ যা কিছু নিয়ে কাজ করেছি ও প্রস্তুতি নিয়েছি, তার সবগুলোই আমরা মাঠে করার চেষ্টা করেছি। আমাদের বুঝতে হবে, এই দলটি এখনো গড়ে ওঠার পথে এবং অনেক সমন্বয় প্রয়োজন। টুর্নামেন্ট (বিশ্বকাপ বাছাই) যত এগোবে, দলের পারফরম্যান্স ওঠানামা করতে পারে। এটিই বাস্তবতা। আবার পেরুর চেয়ে ভালো ম্যাচও আমরা খেলতে পারি।’ সব মিলিয়ে গোলের জন্য ১৮টি শট করে ব্রাজিল ফরোয়ার্ড। এর মধ্যে লক্ষ্যে থাকে ৮টি। মাঠে গোলের জন্য মরিয়া ফুটবলারদের দেখে বেশ খুশি ব্রাজিল কোচ, ‘বেশিরভাগ ম্যাচে আমরা রক্ষণ ধরে রেখেছি। তীব্র আক্রমণের অভাবে ভুগেছি, যেটা আমরা এখানে মানে গারিঞ্চায় দেখলাম। আগে আমরা বলের নিয়ন্ত্রণ বেশি রাখতে চাইতাম। এখন আরও বেশি আক্রমণ করা নিয়ে কাজ করেছি। এটি আমাদের গভীরতা বাড়ায়। এটিই সম্ভবত এই ম্যাচের সবচেয়ে বড় পাওয়া।’

টানা দুই ম্যাচ জিতলেও প্রতিপক্ষ ছিল চিলি ও পেরু, দরিভাল সেটি ভালোই মনে রেখেছেন। সামনে যে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে হবে, সেটিই মনে করিয়ে দিলেন দরিভাল, ‘আমাদের কিছু কঠিন ম্যাচ আছে, সেই ম্যাচগুলোর জন্য তৈরি হতে হবে। এখনই যেমন আত্মপ্রসাদে ভোগার কিছু নেই, তেমনি খারাপ সময়েও আমি অত ভেঙে পড়ি না।’

ব্রাজিল আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। ওই ম্যাচের পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে খেলা দলটির। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।