রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শানেমাজ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে হামলার শিকার হন তিনি। সেখান থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বোন নাসরিন জানান, নিহত শানেমাজ একটি রেস্টুরেন্ট চাকরি করতেন। তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন শানেমাজ। পথে হুমায়ুন রোডের জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শানেমাজকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক শানেমাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করছে। জানতে চাইলে গতকাল রাত ১২টা ৩৪ মিনিটে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘সেখানে (জেনেভা ক্যাম্প) দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর আমরা পেয়েছি। একজন নিহতের খবরও শুনেছি। আমাদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।’