সালমান-মামুন ও জিয়াউলকে ফের নতুন মামলায় গ্রেপ্তার

পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের অভিযোগে নিউ মার্কেট থানার মামলায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল বুধবার আসামিদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আতিকুজ্জামান সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।