বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী।
গত মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিন পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন সাগরে অভিযান পরিচালনাকালে ‘মা বাসন্তী’ ও ‘জয় জগন্নাথ’ নামে এ দুটি ভারতীয় জাহাজ আটক করে।
বুধবার সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনে বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম জানান, মাছ ধরার ওই দুই জাহাজে থাকা ৩১ ভারতীয় জেলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে। তাদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। আটকের সময় ওই দুই ট্রলার থেকে ইলিশসহ বেশ কিছু সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আটক হওয়া জেলেদের আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধ চলাকালীন সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ শিকার করে নিয়ে যায় বলে অভিযোগ ছিল দেশের জেলেদের।