মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

সম্পদের তথ্য গোপনসহ ৩ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৯০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি এবং তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, মহিউদ্দিন আহমেদ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য ঘোষণা করেন। যাচাইকালে তার বিরুদ্ধে ১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার সম্পদের প্রমাণ মিলেছে।

অপর মামলার এজাহারে বলা হয়, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের স্ত্রী নূরজাহান বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২১০ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। দুদকের অনুসন্ধানে তার ১ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৭৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

মহিউদ্দিন আহমেদ ওরফে মহিসহ সমবায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের জমা রাখা ১১ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছিল।