তাঁতী লীগ নেতাকে মারধর, সঙ্গে কান ধরে ওঠবস

গাইবান্ধায় তাঁতী লীগের এক নেতাকে কান ধরে ওঠবস করা হয়েছে। পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় ঈদগাহ মাঠে চত্বরে এ ঘটনা ঘটেছে। কান ধরে ওঠবস করার ওই নেতার নাম ডিউক মিয়া (৩৫)। তিনি পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক।

তাকে কান ধরে ওঠবস করার ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। মো. সিরাজুল ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ওই ভিডিওটিতে শোনা যায়, বেশকজন যুবক ওই তাঁতী লীগ নেতাকে বলতেছে, ভাই তুমি আর আওয়া লীগ করবা? ওই নেতা উত্তরে বলছেন, না ভাই আমি আর আওয়ামী লীগ করবো না। তারপর কয়েক সেকেন্ড শোনা যায়নি। পরে আবারো বলা হয় কান ধরো পশ্চিম মুখ হয়ে দাঁড়াও। ম্যালা মানুষজনকে তো ধরে দিছিলা আগে। না ভাই ধরে দেইনি। পরে বসো বলে এই নেতাকে পেছন থেকে লাথি মারতে দেখা যায়। পরে তাকে আরও কয়েকটি লাথি মারতেও দেখা যায় ভিডিওতে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয়।

এই ঘটনার পর ডিউকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।