আরও সাড়ে চার কোটি ডিম আমদানির সিদ্ধান্ত

ডিম নিয়ে দেশে ব্যবসায়ীদের বেপরোয়া নৈরাজ্য এবং সিন্ডিকেটের কারণে দাম বেড়ে দাঁড়িয়েছে আকাশচুম্বী। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম দাঁড়িয়েছিল ১৯০ টাকা পর্যন্ত। 

এ অবস্থায় সরবরাহ বৃদ্ধির জন্য আরও সাড়ে চার কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দফায় অনুমতি দেওয়া হচ্ছে ১২টি প্রতিষ্ঠানকে। আগামীকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় নতুন সাড়ে চার কোটি ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে।

গত ৮ অক্টোবর সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিলেও টানা চার দিন সরকারি ছুটির কারণে ডিম আমদানি খুব বেশি হয়নি বলে জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আর তাই নতুন করে এই নির্দেশনা দিল অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি অসৎ ব্যবসায়ী চক্র বাজারে ডিমের দাম কয়েক দফায় বাড়িয়ে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছে। বাড়তে বাড়তে ঢাকার বাজারে একপর্যায়ে প্রতি ডজন ফার্মের ডিমের দাম ১৮০-১৯০ টাকায় দাড়ায়। তবে সরকার কর্তৃক ডিমের দাম নির্ধারনের পর গতকাল বুধবার থেকে কিছুটা কমেছে। এদিন ঢাকার বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিম ১৬০ টাকা ও পাড়া-মহল্লায় ১৭০ টাকায় বিক্রি হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা এবং ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা বেঁধে দেয়।

বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহে ঘাটতি রয়েছে। এ কারণেই দাম বেড়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে।

এদিকে, সরবরাহ বাড়ানো ও দর নিয়ন্ত্রণে ঢাকায় ডিমের প্রধান দুই পাইকারি বাজার তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করবে বলে জানিয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। কাপ্তান বাজারে আজ বৃহস্পতিবার থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিম সরবরাহ শুরু করবে। প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও সারাদেশেই এর প্রভাব পড়বে।