তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে বনানী ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করছে। তাকে আটক করাও হতে পারে।
শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।