ইচ্ছা পূরণ হলো শতবর্ষী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট কার্টার আগেই ঘোষণা দিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত তিনি বাঁচতে চান। ১০০ বছর বয়সে পা রাখার ১৫ দিন পর গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। এই ভোটদানের মধ্য দিয়ে কার্টারের সেই ইচ্ছাটি পূর্ণ হলো। খবর দ্য গার্ডিয়ানের।

কার্টার সেন্টারের তথ্যমতে, সাবেক এই ডেমোক্র্যাট নেতা মেইলের মাধ্যমে তার ভোট দিয়েছেন। জিমি কার্টার আমেরিকার সবচেয়ে বয়স্ক সাবেক প্রেসিডেন্ট যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত, স্নায়ুযুদ্ধের যুগে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি বিশ্ব কূটনীতির বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য অলাভজনক সংস্থা কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন।

একজন অজনপ্রিয় নেতা হিসেবে হোয়াইট হাউস ছেড়েছিলেন কার্টার। তবে, পরে অবশ্য তার জনপ্রিয়তা বাড়তে দেখা যায়। কার্টারের নিজ অঙ্গরাজ্য জর্জিয়া। এই অঙ্গরাজ্যে আগাম ভোটের সুবিধাটি নিয়েছেন তিনি।

আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন পত্রিকার তথ্যমতে, চলতি বছরের শুরুতে কার্টার তার পরিবারকে বলেছিলেন, কমলাকে ভোট দেওয়ার জন্য, তাঁর রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সহায়তার জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত তিনি বাঁচতে চান। শতবর্ষী হওয়ার চেয়ে এই বিষয়টি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

জর্জিয়ায় গত মঙ্গলবার আগাম ভোট শুরু হয়। অঙ্গরাজ্যটিতে ইতিমধ্যে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।