বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে অপহরণের অভিযোগে শফিউল ইসলাম মাসুদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শফিউল ইসলাম মাসুদ উপজেলার বশিকোড়া আকন্দপাড়ার মোজাফফর আলীর ছেলে। বিকেলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে মাদ্রাসা থেকে বাড়িতে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত শফিউল ইসলাম মাসুদ। প্রেমে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতেন তিনি।
গত সোমবার (৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে অপহরণ করে রাণীনগর আবাদপুকুরের দিকে নিয়ে যান শফিউল ইসলাম মাসুদ।
পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পুলিশের সহয়তা নেন। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মামলার তদন্তে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে মাসুদকে আদালতে পাঠানো হয়।