৭ মার্চকে অস্বীকার মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী: সিপিবি

৪ নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী। এটি অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই মন্তব্য করেন।

তারা বলেন, আমরা বিস্মিত। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করেছে। অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বিবৃতিতে বিচার বিভাগসহ সর্বত্র গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ‘মব’ এর কাছে আত্মসমর্পণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য।