সাকিবকে দল থেকে 'বাদ না দেয়া হলে' মিরপুর ব্লকেড

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল। বুধবার সেই সুযোগ করে দিতে প্রথম টেস্টের স্কোয়াডেও রাখেন নির্বাচকেরা। কিন্তু তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। 

দেশে ফেরার পথে সাকিব যুক্তরাষ্ট্র থেকে যখন দুবাইয়ে যাত্রাবিরতিতে, তখন শের-ই বাংলা স্টেডিয়ামে ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেছেন কিছু তরুণ। তারা স্লোগান দিতে থাকেন, ‘নো এন্ট্রি সাকিব’, ‘সাকিব তুমি মিরপুরের ক্রিকেট পিচ চিনতে পারো। কিন্তু আমরা মিরপুরের রাজপথ চিনে বড় হইছি’, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাইরে’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্দেশ্যে দেওয়া ওই স্মারকলিপিতে আন্দোলনরত ছাত্র-জনতা বলছে, “গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় পুনর্গঠনের লক্ষ্যে সকল ক্ষেত্রে পরিবর্তন এসেছে, যার অংশ আপনি নিজেও। যদি এই গণ-অভ্যুত্থান না হতো, আপনি বিসিবি সভাপতি হতে পারতেন না। তাই আপনার দায়িত্ব ফ্যাসিবাদ নির্মূল করে নিজ প্রতিষ্ঠান পরিচালনা করা। আপনি কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়াতে। এই কাজের মাধ্যমে আপনি শুধু পতিত স্বৈরাচার মন্ত্রীর প্রতিজ্ঞা পূরণ করছেন।”

সাকিবকে দল থেকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ

স্মারকলিপিতে আরও বলা হয়, “পাপন (বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন) কথা দিয়েছিল সাকিবকে মিরপুরের মাঠে বিদায় দেবে। আপনি ঠিক একই কাজ করতে যাচ্ছেন। সাকিবকে খেলতে দেওয়ার মাধ্যমে আপনি একজন ভোটচোর, হাসিনার দালাল, দুর্নীতিবাজ ও শেয়ার বাজার কেলেঙ্কারির অপরাধীকে দেশের জার্সি গায়ে খেলতে দিচ্ছেন। আমাদের মিরপুরে শহীদ ভাইদের লাশের ওপর সাকিবকে খেলতে দিলে, আপনি নিজেও আরেকজন পাপন হয়ে উঠবেন।”

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “সাকিবকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ না দিলে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচী আরও কঠোর করব। খেলার দিন মিরপুর এলাকায় কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। যদি এতে কোনো অরাজকতা সৃষ্টি হয়, বিদেশি দলগুলো খেলতে না আসে, কিংবা বাংলাদেশ ক্রিকেট কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তবে এর দায়ভার বিসিবি প্রধান হিসেবে আপনাকেই নিতে হবে।”

স্মারকলিপি জমা শেষে ‘মিরপুরের ছাত্র-জনতা’র প্রতিনিধি আল মাসনূন জানান, “সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ না দিলে মিরপুর ব্লকেড করা হবে।”