ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে নিখোঁজ আরও এক কিশোরী। পোলবা থানা এলাকার বারুল প্রসাদপুর গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই কিশোরী বুধবার দুপুর থেকে নিখোঁজ।
তার মা বলছেন, বুধবার দুপুর ১২টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল তার মেয়ে। বাড়ির সামনে এক কসমেটিকসের দোকানে টাকা দিতে যাচ্ছে বলে জানিয়েছিল। তারপরে দীর্ঘক্ষণ কেটে গেলেও খোঁজ পাওয়া যায়নি মেয়ের।
নিখোঁজ কিশোরীর মায়ের দাবি, মেয়ে ফিরছে না দেখে তিনি রাস্তায় বেরিয়ে কয়েকজনের কাছ থেকে খোঁজ নেন। সে সময় একটি সন্দেহজনক চার চাকা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন অনেকে। তাতে তিনি সন্দেহ করছেন, তার মেয়েকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
কিশোরীর বাবা একজন রংমিস্ত্রি। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খবর টিভি৯বাংলার।
পুলিশ জানিয়েছে, ১৯ মে থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র পোলবা থানা এলাকায় নিখোঁজের সংখ্যা ৪৫। এর মধ্যে ১৭ জন কিশোরী। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এই কিশোরীকে আদৌ অপহরণ করা হয়েছে, নাকি স্বেচ্ছায় কোথাও গিয়েছেন বা তার বাবার সঙ্গে কারোর শত্রুতা রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।