পানিতে তলিয়ে গেছে রজনীকান্তের বাড়ি!

আজও পর্দায় ঝড় তুলে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেই রজনীকান্তকে নিয়েই এবার চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। অতিভারী বৃষ্টিতে ডুবে গেছে নায়কের বাসভবন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য বন্যার কবলে পড়েছে চেন্নাই। অতিভারী বৃষ্টিতে ডুবে গেছে একাধিক জায়গা। আর সেই তালিকা থেকে বাদ পড়েনি রজনীকান্তের বাসভবনও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পানিতে তলিয়ে গেছে মেগাস্টারের বাড়ির গ্রাউন্ড ফ্লোর। পানি ঢুকে পড়েছে ঘরেও। সূত্র জানিয়েছে, চেন্নাইয়ের পোয়েস গার্ডেন অঞ্চলে অবস্থিত বাড়ি থেকে দ্রুত যাতে পানি বের করা যায়, সেজন্য প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। চেষ্টা চলছে পাম্প করে পানি বাইরে নেবার।

অবশ্য এখানেই শেষ নয়, রজনীকান্তের পারিবারিক পরিচারকেরাও চেষ্টা করছেন যাতে কোনও ক্ষতি না হয় বাড়ির। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেতা। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেড়েছেন তিনি। বেশ কিছু সমস্যার কারণে তাকে দিন চারেকের জন্য হাসপাতালে থাকতে হয়েছে। এখন তার কোনও কাজের অনুমতি নেই। বাড়িতেই রয়েছেন। যদিও আবহাওয়া মোটেও ভালো নয়।