পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। সম্প্রতি পদোন্নতি পাওয়া এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হওয়া কর্মকর্তারাও এই বদলি তালিকায় রয়েছেন।

পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি : মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। 

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন  অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে শাহেন শাহ্ গত ১৬ অক্টোবর থেকে ডিবি হেফাজতে রয়েছেন বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে। শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।