ঝিনাইদহে জামায়াত আমির

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দেবে সর্বোচ্চ সম্মান

জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে নারীদের সর্বোচ্চ সম্মানের সঙ্গে সমাজ উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘যারা এক দিন গর্ব করে বলতেন এই দেশ আমার বাপ দাদার এদেশ ছেড়ে আমরা কোথাও পালাব না। তারা কি জাতির সঙ্গে দেওয়া কথা রক্ষা করেছেন? তাদের কর্মীদের সঙ্গে দেওয়া কথা রক্ষা করেছেন? তারা কারও সঙ্গে দেওয়া কথা রক্ষা করতে পারেননি। এদের ফিরিয়ে আনতে হবে। যে যেখানেই থাকুক তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে। সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন। জনগণকে স্বস্থি দিন। স্বস্থি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করুন। ভালো কাজে এগিয়ে যান। জনগণের কাক্সিক্ষত সংস্কার সাধন করুন। জনগণের ৩৭ কোটি হাত আপনাদের সাহায্য করবে। আপনারা ভুল করলে আমরা শুধরিয়ে দেব। আপনারা একগুঁয়েমি করলে আমরা প্রতিবাদ করব।