তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।’ কিন্তু সেই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে ডিএমপির একটি সূত্র বলছে, ২৮ অক্টোবর বিএনপির পক্ষ থেকে পল্টন থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে গত বুধবার ৩ ঘণ্টা বসিয়ে রেখে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিন চৌধুরীকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।